রংপুরে মানবতাবিরোধী মামলার সাক্ষীকে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

বাংলা টিভি ডেস্ক: রংপুর নগরীর হাজিরহাট এলাকায় মানবতাবিরোধী অপরাধের একটি মামলার সাক্ষীর বাড়িতে কাফনের কাপড় ও একটি চিঠি পাঠিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী।
সোমবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা বিভাগ) সনাতন চক্রবর্তী।
পুলিশ জানায়, ভুক্তভোগী ইমরুল কায়েস মামুন মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারাধীন সাবেক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলার একজন সাক্ষী ও ওয়ারেন্ট অফিসার।
পুলিশের তথ্য অনুযায়ী, রোববার রাত ১০টার দিকে হাজিরহাট এলাকায় তার বাড়িতে কাফনের কাপড় পাঠানোর খবর পেয়ে থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে কাফনের কাপড় ও একটি চিঠি উদ্ধার করে থানায় নেওয়া হয়। ঘটনার পর ইমরুল কায়েস মামুন নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কে বা কারা কাফনের কাপড় ও চিঠি পাঠিয়েছে, তা শনাক্তে বিভিন্ন আলামত সংগ্রহ, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলা হচ্ছে। জড়িতদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। তিনি বর্তমানে মামলাটিতে বিচারাধীন রয়েছেন।



