ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ৩

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর সদর ও মধুখালী উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলো- সদর উপজেলার হাট গোবিন্দপুর এলাকার মিজানুর রহমান মামুনের ছেলে ও কানাইপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. সোয়াদ (১৭), আলফাডাঙ্গা উপজেলার চানড়া গ্রামের আনোয়ার মিয়া (৬০) এবং মধুখালী উপজেলার মাঝকান্দি গ্রামের মৃত এলাহি শেখের স্ত্রী মোছা. আমেনা বেগম (৭০)।
এর মধ্যে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর-মাগুরা মহাসড়কের সদর উপজেলার কানাইপুর আখ সেন্টারের সামনে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র সোয়াদ নিহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্কুল ছুটির পর তিন শিক্ষার্থী একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ও অটোরিকশাচালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সোয়াদকে মৃত ঘোষণা করেন।
আহত তৌহিদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর শিক্ষার্থী শাওন ও অটোরিকশাচালক মফিজ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে সকাল ১১টার দিকে ফরিদপুর মেডিক্যাল ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে মুজিব সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন আনোয়ার মিয়া। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা আনোয়ার মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। ধাক্কার পর অটোরিকশাটিও নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।
অন্যদিকে একই দিন বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মাঝকান্দি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মোছা. আমেনা বেগম নিহত হন।
পুলিশ জানায়, রাস্তার পাশ থেকে শুকনো গাছের ডাল সংগ্রহ করে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি কয়েক ফুট দূরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন বলেন, দুটি দুর্ঘটনার বিষয়ে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
অন্যদিকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহতের ঘটনায় অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



