৬ আগস্ট থেকে সবার জন্য খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর

বাংলা টিভি ডেস্ক: আগামী ৬ আগস্ট থেকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি জানান, জাদুঘরে প্রবেশের জন্য টিকিটের ব্যবস্থা থাকবে এবং দর্শনার্থীদের নির্ধারিত সময় অনুযায়ী অনলাইনে আগাম বুকিং করতে হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কৃতিমন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে নির্মিত জাদুঘরটি বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। উদ্বোধনের পর সাংবাদিকদের জন্য জাদুঘরটি পরিদর্শনের সুযোগ রাখা হয়েছে।
মন্ত্রী আরও জানান, উদ্বোধনের দিনটি শুধু জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত থাকবে। এরপর ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শন করতে পারবেন।
নিতাই রায় চৌধুরী বলেন, একসঙ্গে অতিরিক্ত দর্শনার্থীর চাপ সামাল দিতে সময়ভিত্তিক (স্লট) প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। তাই আগ্রহীদের অনলাইনে আগে থেকেই টিকিট বুক করতে হবে। প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা।



