বাংলাদেশপ্রধানমন্ত্রী

‘জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে’

বাংলা টিভি ডেস্ক: জুলাই-আগস্টের আন্দোলনের সাফল্যের কৃতিত্ব দেশের সাধারণ জনগণের বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণের কারণেই আন্দোলন সফল হয়েছে এবং এর কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গত ১৭ বছর ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও গণতন্ত্রকামী মানুষ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে মাঠে ছিলেন। জনগণের অংশগ্রহণেই সেই আন্দোলন সফলতা পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দেশ পুনর্গঠনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আন্দোলন ও রাজনৈতিক বিতর্কের পর এখন সময় উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনের। তিনি ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার পাশাপাশি জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি অনেক আগে থেকেই রাষ্ট্র সংস্কারের প্রস্তাব তুলে ধরেছিল, যা পরে দলটির ৩১ দফা কর্মসূচিতে রূপ নেয়। তার দাবি, বর্তমান সরকার রাষ্ট্রের বিভিন্ন খাত পুনর্গঠনে সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে।

অর্থনীতি, স্বাস্থ্য ও জ্বালানি খাতের চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, পূর্ববর্তী সরকারের সময়ে এসব খাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো পুনর্গঠনে সময় প্রয়োজন। একই সঙ্গে তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যে জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ এবং পরবর্তী কয়েক বছরে উপজেলা পর্যায়েও এ সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

বিদ্যুৎ ও গ্যাস সংকটের বিষয়ে তিনি বলেন, সরকার সমস্যা সম্পর্কে অবগত এবং সমাধানে কাজ করছে। গ্যাস সরবরাহ বাড়াতে মিয়ানমার থেকে গ্যাস আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে মালয়েশিয়ার সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর সরকার ভঙ্গুর অর্থনীতি, স্বাস্থ্যব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো পেয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব খাত পুনর্গঠনে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ বিএনপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button