পদ হারানো এনসিপি নেতাকে আদালতের সামনে ছাত্রদলের ডিম নিক্ষেপ

বগুড়া প্রতিনিধি (ডিজিটাল): সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীরের ওপর বগুড়া আদালত চত্বরে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তাকে কারাগারে নেওয়ার সময় এ ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানও দেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী আদালত চত্বরে অবস্থান নেন। পরে গাজী সালাউদ্দিন তানভীরকে আদালত থেকে বের করে কারাগারে নেওয়ার সময় তারা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন।
এর আগে, বুধবার ভোরে রাজধানীর মনিপুরী এলাকার একটি আবাসিক ভবন থেকে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শুনানি শেষে সদর আমলী আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গোয়েন্দা পুলিশ জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের হওয়া সাইবার সুরক্ষা আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২ আগস্ট বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৯ জুলাই গাজী সালাউদ্দিন তানভীরের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়, যাতে মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি হলে পরে সেটি মুছে ফেলা হয়।
সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল আমিন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করা হয়েছে। আমরা গাজী সালাউদ্দিন তানভীরের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।”
বগুড়া গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, “গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। আদালত চত্বরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে ছিল এবং কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”



