হৃদয় ও নজরুলের লাশের সন্ধান দাবিতে প্রতীকী কফিন মিছিল

গাজীপুর প্রতিনিধি: জুলাই গণ-অভ্যুত্থানে নিহত হৃদয় ও নজরুল ইসলামের লাশের সন্ধান, শহীদ স্বীকৃতি এবং হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে প্রতীকী কফিন মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে ‘৩৬ শে জুলাই পাঠাগারের উদ্যোগে গাজীপুরের কোনাবাড়ী কাশিমপুর সড়কে প্রতীকী কফিন নিয়ে এ মিছিল বের করা হয়। পরে কোনাবাড়ী থানার সামনে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘটনার দুই বছর পার হয়ে গেলেও আজও এই দুই বীর শহীদের পরিবার তাঁদের প্রিয়জনের লাশ খুঁজে পায়নি। অবিলম্বে হৃদয় ও নজরুলের লাশের সন্ধান দিতে হবে। তাদের রাষ্ট্রীয়ভাবে শহীদ স্বীকৃতি দিতে হবে এবং এ হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে কোনাবাড়ী থানার সামনে হৃদয়কে এবং চান্দনা চৌরাস্তা এলাকায় নজরুল ইসলামকে পুলিশ প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে তাঁদের লাশ গুম করে ফেলা হয়। দীর্ঘ দুই বছর অতিক্রম হলেও পরিবার দুটি আজও তাঁদের সন্তানের লাশের অপেক্ষা করে দিন কাটাচ্ছে।



