বাংলাদেশ

রাষ্ট্রপতি পদে প্রস্তাব পাননি ড. ইউনূস, বিএনপির বিবেচনায় মির্জা ফখরুল

বাংলা টিভি ডেস্ক: রাষ্ট্রপতি পদে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রস্তাব দেওয়া হয়েছে—এমন জল্পনার মধ্যে বিএনপি সরকারের পক্ষ থেকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। একই সঙ্গে রাষ্ট্রপতি পদে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে বলেও একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একটি বেসরকারি গণমাধ্যমের প্রতিবেদনে পরিচয় প্রকাশে অনিচ্ছুক বিএনপি প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়, রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর রয়েছে। এ ক্ষেত্রে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

ড. ইউনূসের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি পদ নিয়ে আলোচনা থাকলেও তিনি রাজনৈতিক সরকারের কোনো দায়িত্ব গ্রহণে আগ্রহী নন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত মাসে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগ করার পর পদটি শূন্য হয়। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন।

এতে আরও দাবি করা হয়, সংসদীয় শাসনব্যবস্থায় রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতা সীমিত হলেও রাজনৈতিক সংকট বা সাংবিধানিক পরিবর্তনের সময় এ পদের গুরুত্ব বেড়ে যায়।

এদিকে, আন্তর্জাতিক পর্যায়েও ড. মুহাম্মদ ইউনূসকে জাতিসংঘের মহাসচিব পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে তার ঘনিষ্ঠ এক সহযোগীর বরাত দিয়ে বলা হয়েছে, বর্তমানে জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক দায়িত্ব গ্রহণেও তিনি আগ্রহী নন।

তবে প্রতিবেদনে উল্লিখিত এসব দাবির বিষয়ে বিএনপি কিংবা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংশ্লিষ্ট খবর

Back to top button