গ্রাম বাংলাদেশবাংলা

ছুরিকাঘাতে আহত শিবিরকর্মীর ৪৮ দিন পর মৃত্যু

‎গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত শিবিরকর্মী সালাউদ্দিন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঘটনার প্রায় দেড় মাস পর শনিবার (৮ আগস্ট) সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

‎এর আগে গত ২১ জুন বিকেল ৩টার দিকে উপজেলার বোনারপাড়া চৌরাস্তা মোড়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন সালাউদ্দিন। একই ঘটনায় শিবির নেতা সাইফুল্লাহও নিহত হন।

তিনি বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। সাইফুল্লাহ উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সাঘাটার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়ার কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলে সবাই উপজেলা চত্বর থেকে চলে যান।

‎এর কয়েক মিনিট পর বোনারপাড়া-সাঘাটা সড়কের উপজেলা সংলগ্ন বোনারপাড়া চৌমাথা এলাকায় শিবির নেতা সাইফুল্লাহ ও কর্মী সালাউদ্দিন অবস্থান করছিলেন। এ সময় বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া, তার ছোট ভাই পলাশ, বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা আশরাফ, মোনারুল ও জব্বারসহ ১০-১৩ জন তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ রয়েছে।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে সালাউদ্দিনের গলায় আঘাত করেন বলে স্থানীয়দের দাবি। পরে স্থানীয়রা গুরুতর আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিবির নেতা সাইফুল্লাহকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা শেষে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে দীর্ঘ ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তার মৃত্যু হয়।

সালাউদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদা। তিনি বলেন, ‘দীর্ঘ ৪৮ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে সালাউদ্দিন মারা গেছেন।’

‎ঘটনাটি নিয়ে এলাকায় নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।

সংশ্লিষ্ট খবর

Back to top button