গ্রাম বাংলাদেশবাংলা

‎গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ‎

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আমিনুল ইসলাম ওরফে রায়হান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎শনিবার (৮ আগস্ট) সকাল ৭টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার।

এর আগে শুক্রবার (৭ আগস্ট) রাত দেড়টার দিকে গাইবান্ধা পৌরসভার পুরাতন বাজারের পানপট্টি এলাকার একটি গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম ওরফে রায়হান গাইবান্ধা সদর উপজেলার সবুজপাড়া এলাকার আব্দুর রহমান ওরফে ইদ্রিস আলীর ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শহরের পুরাতন বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় রানা মিয়ার পানের দোকানের সামনের গলি থেকে আমিনুল ইসলাম ওরফে রায়হানকে আটক করা হয়।

পরে তার পরিহিত থ্রি-কোয়ার্টার প্যান্টের ডান পকেট তল্লাশি করে সাদা পলিথিনে মোড়ানো হালকা কমলা রঙের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

‎এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোত্তালিব সরকার বলেন, ‘গ্রেপ্তার আমিনুল ইসলামকে স্বীকৃত মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।’

সংশ্লিষ্ট খবর

Back to top button