গ্রাম বাংলাদেশবাংলা

বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ, ভারতীয় যুবককে ধরে আনলো স্থানীয়রা

বাংলা টিভি ডেস্ক: পঞ্চগড়ের সাতমেরা সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর জের ধরে এক ভারতীয় নাগরিককে সীমান্ত থেকে ধরে এনেছেন স্থানীয়রা।

শনিবার (৮ আগস্ট) সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে দীপঙ্কর গোপ (৩০) নামের ওই ভারতীয়কে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন স্থানীয়রা।

দীপঙ্কর গোপ ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে বলে জানা গেছে।

সীমান্তের লোকজন জানান, সকালে দীপঙ্কর গোপ কাঁটাতারের বেড়ার ওপাশের একটি চা-বাগানে কাজ করতে আসেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা তাকে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।

এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে পঞ্চগড় উপজেলা সদরের সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা তমিজ উদ্দিন (৭৮) গরু খুঁজতে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ।

তমিজ উদ্দিনের ছেলে আজাহার বলেন, ‌‘আমার বাবা কানে কম শুনতে পান, ঠিকমতো চলতেও পারেন না। গরু খুঁজতে সীমান্তের কাছে গেলে তাকে বিএসএফ ধরে নিয়ে যায়।’

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button