বাংলাদেশ

পালাতে গিয়ে পাঁচতলার কার্নিশে আটকা মাদ্রাসাছাত্রী, দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার

বাংলা টিভি ডেস্ক: ফেনী শহরে ছয়তলা একটি ভবনের পাঁচতলার সরু কার্নিশে আটকে পড়া ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৮ আগস্ট) শহরের একটি আবাসিক মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া ওই ছাত্রী মাদ্রাসাটির চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ, ফায়ার সার্ভিস ও মাদ্রাসা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মাদ্রাসায় পড়াশোনার প্রতি শুরু থেকেই ওই ছাত্রীর অনাগ্রহ ছিল। এর আগে একবার মাদ্রাসা থেকে পালিয়ে সে বাড়িতেও চলে গিয়েছিল। পরে শনিবার সকালে তার বড় ভাই তাকে আবার মাদ্রাসায় রেখে যান।

এর কিছুক্ষণ পর মাদ্রাসা কর্তৃপক্ষ জানতে পারে, ছাত্রীটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একপর্যায়ে ভবনের পাঁচতলার একটি জানালার বাইরে সরু কার্নিশে তাকে বসে থাকতে দেখা যায়। সেখানে গিয়ে সে আর বের হতে পারছিল না।

বিষয়টি জানাজানি হওয়ার পর দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পাশাপাশি পুলিশকেও ঘটনাটি জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন।

ফেনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মামুন মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদ থেকে নিচে নামার চেষ্টা করার সময় ওই ছাত্রী পাঁচতলার কার্নিশে আটকা পড়ে। জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

দীর্ঘ চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা বেলা ২টার দিকে ছাত্রীটিকে নিরাপদে উদ্ধার করেন। উদ্ধারের সময় তার কোনো শারীরিক ক্ষতি হয়নি।

মাদ্রাসার মুহতামিম জানান, প্রায় ছয় মাস আগে ওই ছাত্রীকে মাদ্রাসায় ভর্তি করা হয়। তবে পড়াশোনার প্রতি তার আগ্রহ কম থাকায় এর আগেও কয়েকবার সে বাড়িতে চলে গিয়েছিল। শনিবার সকালে পরিবারের সদস্যরা তাকে আবার মাদ্রাসায় দিয়ে যাওয়ার পর সে পালানোর চেষ্টা করে। তখনই পাঁচতলার কার্নিশে গিয়ে আটকা পড়ে।

ঘটনার পরপরই পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়।

ফেনী মডেল থানার এসআই মোতাহের হোসেন জানান, পুলিশের উপস্থিতিতে উদ্ধার হওয়া ছাত্রীকে তার স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। তবে ভবিষ্যতে শিক্ষার্থীদের প্রতি আরও সতর্ক ও যত্নশীল হওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button