বাংলাদেশ

মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বাংলা টিভি ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে মো. তারা মিয়া (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের মুরইছড়া সীমান্তসংলগ্ন ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তারা মিয়া কুলাউড়া উপজেলার কর্মদা ইউনিয়নের মুরইছড়া গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে।

বিজিবি সূত্র জানায়, শনিবার রাতে তারা মিয়াসহ ৪-৫ জন বাংলাদেশি যুবক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে বিএসএফ সদস্যরা গুলি চালালে তারা মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

গুলির পর তার সঙ্গে থাকা অন্য যুবকেরা সেখান থেকে পালিয়ে বাংলাদেশে ফিরে আত্মগোপন করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের দাবি, তারা মিয়াসহ ওই যুবকেরা ভারতীয় নাসির পাতার বিড়ি সংগ্রহের উদ্দেশ্যে সীমান্তের প্রায় ৫০০ গজ ভেতরে মাগুরুলী এলাকায় প্রবেশ করেছিলেন। সেখানেই বিএসএফের গুলিতে তারা মিয়া নিহত হন।

বিজিবি ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলির শব্দ শোনার পর বিজিবির পক্ষ থেকে দ্রুত বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বিএসএফের পক্ষ থেকে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button