মানিকগঞ্জে শহীদ মিনারে ঝুলছিল কিশোরের মরদেহ

বাংলা টিভি ডেস্ক: মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর মেঘশিমুল এলাকায় একটি শহীদ মিনার থেকে শিহাব হোসেন (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রকাশ্য স্থানে এভাবে মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্কের পাশাপাশি নানা প্রশ্ন দেখা দিয়েছে।
রোববার (৯ আগস্ট) সকালে জাগীর ব্রিজসংলগ্ন শহীদ মিনারে স্থানীয়রা শিহাবের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মানিকগঞ্জ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত শিহাব হোসেন জাগীর ইউনিয়নের মো. সেলিম হোসেনের ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার একটি মাছের দোকানে কাজ করত।
পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই দিন ধরে শিহাব রাতে এক বন্ধুর বাড়িতে থাকছিল। শনিবার রাতে খাবার খাওয়ার পর সে আবার বাড়ি থেকে বের হয়ে যায়। রাতে আর বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা ধারণা করেন, সে হয়তো আগের মতো বন্ধুর বাড়িতেই রয়েছে।
তবে শিহাবের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে মেনে নিতে রাজি নয় তার পরিবার। তাদের দাবি, শিহাবকে পরিকল্পিতভাবে হত্যা করার পর মরদেহ শহীদ মিনারে ঝুলিয়ে রেখে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়ে থাকতে পারে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



