এসএসসির রেজাল্টের অপেক্ষায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী, ফল প্রকাশ সকাল ১০টায়

বাংলা টিভি ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান হতে যাচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের। আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার পর প্রকাশ করা হবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। শিক্ষার্থীরা মোবাইল ফোনে SMS, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানতে পারবে।
ফল প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এবারের পরীক্ষায় অংশ নেওয়া প্রায় সাড়ে ১৮ লাখ শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষারও অবসান ঘটবে এর মাধ্যমে।
মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে ফল জানতে শিক্ষার্থীদের লিখতে হবে—SSC স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর স্পেস রোল নম্বর স্পেস 2026। এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরে। কিছুক্ষণের মধ্যেই ফিরতি SMS-এ ফলাফল জানিয়ে দেওয়া হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ আগস্ট সকাল ১০টায় এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফল অনলাইন এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে প্রকাশ করা হবে। প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের Result Corner-এ গিয়ে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে বলা হয়েছে।
এ ছাড়া শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর অভিন্ন ওয়েবসাইট কিংবা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য, বিশেষ করে রোল নম্বর দিয়ে ফলাফল দেখতে পারবে।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জনের। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার জন্য ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন, আর কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। এবার এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
এর আগে ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য সময় জানিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে অনিবার্য কারণে ওই সময়ে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। পরে নতুন তারিখ হিসেবে ১০ আগস্ট নির্ধারণ করা হয়।



