সৌদিতে ৭ প্রবাসী শ্রমিকের মৃত্যুতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের শোক

বাংলা টিভি ডেস্ক: সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (৯ আগস্ট) দেওয়া এক শোকবার্তায় মন্ত্রী বলেন, পরিবারের স্বচ্ছলতার জন্য সুদূর সৌদি আরবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের এমন মর্মান্তিক ও অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দেশের অর্থনীতিতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মন্ত্রী আরও বলেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
এ সময় তিনি নিহত প্রবাসীদের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্যদের এই কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।



