এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ

বাংলা টিভি ডেস্ক: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা অনলাইন, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।
ফলাফল দেখার জন্য অভিন্ন দুটি ওয়েবসাইটেও প্রবেশ করা যাবে—eduboardresult.gov.bd এবং educationboardresults.gov.bd।
এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফল পেতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে এসএমএসের ফরম্যাট হবে SSC DHA ROLL YEAR। মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের লিখতে হবে SSC MAD ROLL YEAR, আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য ফরম্যাট SSC TEC ROLL YEAR। প্রতিটি এসএমএসের জন্য খরচ হবে ১ টাকা ৩৯ পয়সা, যার মধ্যে প্রযোজ্য সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।
পরীক্ষায় অংশ নিয়েছেন ১৮ লাখের বেশি শিক্ষার্থী
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার জন্য ফরম পূরণ করেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে
ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণ করতে চাইলে আগামীকাল মঙ্গলবার (১১ আগস্ট) থেকে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ১৭ আগস্ট পর্যন্ত।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পুনর্নিরীক্ষণের আবেদন অনলাইনে গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নির্ধারিত ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN ব্যবহার করে ফলাফল ডাউনলোড করতে পারবে। এরপর প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের ফল প্রকাশ করবে।
এ ছাড়া শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর অভিন্ন ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবেন। মোবাইল ফোনে ১৬১৪০ অথবা ১৬২২২ নম্বরেও এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।
সোমবার দেশের সব সাধারণ শিক্ষা বোর্ডের পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডেও একযোগে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।



