ট্রাম্প ইরান যুদ্ধে ‘পরাজিত’ হয়েছেন: মার্কিন সিনেটর

বাংলা টিভি ডেস্ক: ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর ক্রিস মারফি। তার দাবি, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে, ততই যুক্তরাষ্ট্র দুর্বল হচ্ছে এবং বিপরীতে ইরান শক্তিশালী হয়ে উঠছে।
সোমবার (১০ আগস্ট) এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রিস মারফি এসব কথা বলেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। তিনি বলেন, সংঘাত দ্রুত বন্ধ করা এবং হরমুজ প্রণালি পুনরায় চালু করার লক্ষ্যে প্রয়োজন হলে ‘খারাপ চুক্তি’ হলেও তিনি সেটিকে সমর্থন করবেন।
মারফির মতে, দুই পক্ষের মধ্যে আলোচনা স্থবির হয়ে থাকায় হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার সম্ভাব্য ব্যয় প্রতিদিনই বাড়ছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ থাকায় এর প্রভাব যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের ওপরও পড়ছে বলে মন্তব্য করেন তিনি।
দ্য ওয়াশিংটন টাইমসের বরাত দিয়ে জানা গেছে, যুদ্ধের ক্ষতিপূরণ, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধের দাবি জানিয়ে আসছেন ইরানি কর্মকর্তারা।
ক্রিস মারফি বলেন, যুদ্ধের অবসান ঘটানো এখন জরুরি। তার ভাষায়, সংঘাত যত দীর্ঘ হবে, যুক্তরাষ্ট্র তত বেশি দুর্বল হয়ে পড়বে এবং ইরান তুলনামূলকভাবে শক্তিশালী হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় মার্কিন নাগরিকরাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নতুন করে কোনো অর্থ বরাদ্দে তিনি সমর্থন দেবেন না। তবে সংঘাত শেষ হওয়ার পর মার্কিন সামরিক বাহিনীর অস্ত্রের মজুত পুনরায় পূরণ করার উদ্যোগ নেওয়া হলে তাতে সমর্থন করবেন।
সূত্র: আনাদোলু এজেন্সি



