
চাঁদপুর (ডিজিটাল) প্রতিনিধি: রোগী সেবা দেওয়ার পবিত্র স্থান হাসপাতালকে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত করার অভিযোগ উঠেছে চাঁদপুরের কচুয়ায়। উপজেলার কচুয়া সিটি হসপিটাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে রোগীর দেখার আড়ালে মাদকের ব্যবসা চালানোর অভিযোগে ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী নামের এক চিকিৎসককে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রবিবার বিকেলে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল এই ঝটিকা অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান। এ সময় তাঁর সাথে ছিলেন পরিদর্শক মেহেদী হাসান, এএসআই তোফায়েল আহমেদ ও বেলায়েত হোসেন।
অভিযানের অংশ হিসেবে হাসপাতালের নিয়মিত চিকিৎসক ডা. সৈয়দ আসিফ ইস্পাহানীর ব্যক্তিগত কক্ষে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাঁর কক্ষ থেকে ৪ পিস ইয়াবা এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। চিকিৎসকের ব্যক্তিগত কক্ষ থেকে মাদক উদ্ধারের ঘটনায় মুহূর্তেই পুরো হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ও থমথমে অবস্থার সৃষ্টি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, কচুয়া সিটি হসপিটালে চিকিৎসক ডা. সৈয়দ আসিফ ইস্পাহানী দীর্ঘদিন যাবৎ মাদকের সাথে জড়িত এবং নিয়মিত মাদক সেবন ও বিক্রয় করে আসছেন। এই তথ্যের সত্যতা যাচাইয়ের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানের সময় তাঁর নিজস্ব বসবাসের রুম থেকে মাদক সেবনের সরঞ্জাম ও ৪ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হই। এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।
চিকিৎসা পেশার মতো একটি পবিত্র পেশাকে কলুষিত করার অভিযোগে অভিযুক্ত এই চিকিৎসকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



