ভারতের আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। রোববার (৯ আগস্ট) রাতে রাজ্যটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নতুন করে আরও দুইজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, বন্যায় রাজ্যের ২৫টি জেলার প্রায় ১১ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যজুড়ে দুই হাজারের বেশি ত্রাণকেন্দ্র চালু করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমও জোরদার করা হয়েছে।
বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে রোববার থেকেই সংশ্লিষ্ট জেলাগুলোতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ও সমীক্ষা শুরু করেছে আসাম সরকার।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, আগামী ৩১ আগস্টের মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, গবাদিপশু এবং অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে। পুনর্বাসন ও সরকারি সহায়তার ক্ষেত্রে কোনো ক্ষতিগ্রস্ত পরিবার যাতে বাদ না পড়ে, সে বিষয়েও নিশ্চিত করা হবে বলে জানান তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি



