পাসের হার জিপিএ-৫ দুটিতেই এগিয়ে মেয়েরা

বাংলা টিভি ডেস্ক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এবার দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডের ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫—উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
প্রকাশিত ফল অনুযায়ী, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬৩ হাজার ৮৯৬ জন ছাত্রী এবং ৫২ হাজার ৭৮০ জন ছাত্র। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ও ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র। অর্থাৎ এবার মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমলেও মেয়েদের সংখ্যাই বেশি।
এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৬ দশমিক ৬৮ শতাংশ, আর ছাত্রদের ৫৭ দশমিক ৮৬ শতাংশ। ফলে পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে ৮ দশমিক ৮২ শতাংশ।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফলেও একই চিত্র দেখা গেছে। এসব বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৯১ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৯ দশমিক ৭৩ শতাংশ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছাত্রীদের পাসের হার ৫৯ দশমিক ৮৯ শতাংশ। বিপরীতে ছাত্রদের পাসের হার ৫১ দশমিক ৬৪ শতাংশ।
কারিগরি শিক্ষা বোর্ডেও ছাত্রীদের সাফল্যের হার বেশি। এ বোর্ডে ছাত্রীদের পাসের হার ৬৭ দশমিক ৮৪ শতাংশ, আর ছাত্রদের পাসের হার ৫১ দশমিক ১৪ শতাংশ।
অর্থাৎ সাধারণ, মাদ্রাসা ও কারিগরি—তিন ধরনের শিক্ষা বোর্ডের ফলাফলেই পাসের হারে ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা।



