দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, রড ঢুকে বিচারকের মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় এক বিচারক নিহত হয়েছেন। এ ঘটনায় প্রাইভেটকারের চালকও গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১০ আগস্ট) ভোর ৫টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহিড়ীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একেএম ছামিউল হক (২৭) জামালপুর জেলা ও দায়রা জজ আদালতে সিভিল জজ হিসেবে কর্মরত ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই ছেটগাড়া গ্রামের একেএম ফজলুল হকের ছেলে। দুর্ঘটনায় আহত প্রাইভেটকার চালক ইদ্রিস আলীর (৪৬) চিকিৎসা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকার লালমাটিয়া থেকে প্রাইভেটকারে করে জামালপুরে ফিরছিলেন বিচারক ছামিউল হক। ভোরে লাহিড়ীকান্দা এলাকায় পৌঁছালে সড়কে দাঁড়িয়ে থাকা একটি রডবোঝাই ট্রাকের পেছনে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকে থাকা রড প্রাইভেটকারের ভেতরে ঢুকে পড়ে। ঘটনাস্থলেই মারা যান বিচারক ছামিউল হক। গুরুতর আহত হন চালক ইদ্রিস আলী।
পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির একটি চাকা ফুটো হয়ে যাওয়ায় সেটি সড়কের পাশে দাঁড় করিয়ে চালক ও হেলপার ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় পেছন থেকে আসা প্রাইভেটকারটি ট্রাকটিতে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, ভোরে বিচারককে বহনকারী প্রাইভেটকারটি দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। ট্রাকে থাকা রড প্রাইভেটকারের ভেতরে ঢুকে বিচারক ছামিউল হকের শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। গুরুতর আহত চালক ইদ্রিস আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই বিচারক ছামিউল হকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



