ফের ‘সমকামিতার’ অভিযোগে ঢাবির হল থেকে ২ শিক্ষার্থী বহিষ্কার

বাংলা টিভি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দুই শিক্ষার্থীকে ‘সমকামিতা’র অভিযোগে হল থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর প্রাথমিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে তাদের আসন বাতিল করে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
হলের প্রোভোস্ট ড. মো. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযোগের বিষয়টি জানার পর দুই শিক্ষার্থীর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে এ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে ঘটনাটি তদন্তে হলের হাউস টিউটর ও সহকারী প্রক্টর অধ্যাপক মো. রেজাউল করিম সোহাগকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মুজিব হল সংসদের জিএস আহমেদ আল সাবাহ দাবি করেন, অভিযুক্ত দুই শিক্ষার্থীই প্রথম বর্ষের। তাদের বিরুদ্ধে বিভিন্ন ছবি ও ভিডিও পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, জিজ্ঞাসাবাদের পর তারা বিষয়টি স্বীকার করেছেন। পরে সহকারী প্রক্টরের উপস্থিতিতে তাদের আসন বাতিল করা হয় এবং স্থানীয় অভিভাবকদের উপস্থিতিতে হল থেকে বের করে দেওয়া হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তদের একজন। তার দাবি, পুরো ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, তার রুমমেট বেশ কিছুদিন ধরে তাকে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে প্রশ্ন করছিলেন। নিজের বাড়ি গোপালগঞ্জ হওয়ায় তাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ওই শিক্ষার্থীর আরও দাবি, যে ছবি ও ভিডিওগুলোকে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে, সেগুলো তার রুমমেট ধারণ করেছিলেন এবং পরে হল সংসদের জিএসের কাছে সরবরাহ করেন। ঘটনার পর তাকে ছাত্রদলের কর্মী হিসেবেও প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই বলে দাবি করেন ওই শিক্ষার্থী।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ ও অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



