বাংলাদেশ

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, যা বলল ডিবি

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে জমা দেওয়ার সময় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। দ্রুতই আসামিদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সংস্থাটি।

বুধবার (১২ আগস্ট) ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, ঘটনাটি নিয়ে ডিবির একাধিক টিম কাজ করছে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অগ্রগতি হয়েছে জানিয়ে তিনি বলেন, শিগগিরই জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

ডিবির এই কর্মকর্তা আরও বলেন, রাজধানীতে সাম্প্রতিক সময়ে সংঘটিত বেশিরভাগ অপরাধের ঘটনায় ডিবি তদন্ত করে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। একইভাবে উত্তরা এলাকায় সোয়া কোটি টাকা ছিনতাইয়ের ঘটনাটিও তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এর আগে গত ৯ আগস্ট সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে উত্তরা র‌্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই হয়।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, তিনটি মোটরসাইকেলে করে আসা একদল ব্যক্তি টাকাবাহী গাড়িটির পথরোধ করে। পরে গাড়িতে ধাক্কা দিয়ে সেটি থামিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ ঘটনায় ডিএল পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে উত্তরা থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা করেন।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ডিএল প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গে তাসীন আক্তার হক যুক্ত। তিনি খুরশীদ জাহান হকের ছোট ছেলে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোনের সন্তান বলে জানা গেছে।

পেট্রোল পাম্পসংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন গড়ে ৪৫ থেকে ৫০ লাখ টাকার লেনদেন হয়। নিয়ম অনুযায়ী, প্রতিদিনের বিক্রির অর্থ সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দিতে নেওয়া হয়। শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা পরবর্তী কর্মদিবসে একসঙ্গে জমা দেওয়া হয়। এ কারণে রোববার তুলনামূলক বেশি অর্থ ব্যাংকে নেওয়া হয়েছিল বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button