বাংলাদেশ

তিন সন্তান রেখে প্রবাসীর টাকা-স্বর্ণালংকার নিয়ে প্রেমিকসহ লাপাত্তা স্ত্রী

বাংলা টিভি ডেস্ক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মালয়েশিয়াপ্রবাসী এক ব্যক্তির স্ত্রীকে প্রতিবেশী এক ব্যক্তির সঙ্গে সম্পর্কের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, ওই নারী স্বামীকে গোপনে তালাক দেওয়ার পর কথিত প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে চলে যান। এ সময় স্বামীর পাঠানো প্রায় ২০ লাখ টাকা ও ১১ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার সঙ্গে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে রুমা আক্তার (৩২) ও তার কথিত সঙ্গী কবির হোসেনকে (৪০) গ্রেপ্তার করা হয়। দুজনই আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় রুমা আক্তারের স্বামী মনির হোসেনের ভাগনে মো. রিফাত মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, প্রায় ২৫ বছর আগে মনির হোসেনের সঙ্গে রুমা আক্তারের বিয়ে হয়। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় চার বছর আগে মনির হোসেন কাজের জন্য মালয়েশিয়ায় যাওয়ার পর নিয়মিত স্ত্রীকে অর্থ পাঠাতেন।

বাদীর অভিযোগ, স্বামী বিদেশে থাকার সুযোগে রুমা আক্তার প্রতিবেশী কবির হোসেনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে গত ২ জানুয়ারি গোপনে মনির হোসেনকে তালাক দেন। তবে বিষয়টি স্বামীকে না জানিয়ে তার সঙ্গে যোগাযোগ বজায় রাখেন এবং জমি কেনার কথা বলে তার কাছ থেকে অর্থ ও স্বর্ণালংকার নেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে বলা হয়, প্রায় চার বছরে মনির হোসেন স্ত্রীকে প্রায় ২০ লাখ টাকা এবং প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার পাঠিয়েছেন। এসব স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১১ লাখ টাকা।

অভিযোগ অনুযায়ী, গত ৭ আগস্ট রুমা আক্তার ও কবির হোসেন পরিবারের সদস্যদের অগোচরে ওই টাকা ও স্বর্ণালংকার নিয়ে বাড়ি থেকে চলে যান। চার দিন পর ১১ আগস্ট সকালে তারা কবির হোসেনের বাড়িতে ফিরে এলে বিষয়টি জানাজানি হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে তারা বিয়ে করেছেন বলে জানান। একই সময় রুমা আক্তার তার প্রবাসী স্বামীকে তালাক দেওয়ার বিষয়টিও প্রকাশ করেন।

পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সফল হয়নি বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এছাড়া মামলা করলে বা বিষয়টি মীমাংসার চেষ্টা চালালে বাদী ও রুমার সন্তানদের হত্যার পর লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।

পরে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে যায়। এরপর রিফাত মিয়া বাদী হয়ে মামলা করেন।

পুলিশ জানিয়েছে, মামলার ভিত্তিতে রুমা আক্তার ও কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button