কালকিনিতে মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, আহত ৫

বাংলা টিভি ডেস্ক: মাদারীপুরের কালকিনিতে একটি মহিলা মাদ্রাসার কাছে বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে কালকিনি পৌর এলাকার গোপালপুর দারুসসুন্নাহ মহিলা মাদ্রাসার পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সকালে মাদ্রাসার পাশের ইমন সরদারের বসতঘরের সামনে হঠাৎ একটি বোমাসদৃশ বস্তু বিস্ফোরিত হয়। এতে মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে আবিদা (৮), জান্নাত (৯), মিনহা (১০) ও মাইমুনা (৯) রয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
বাড়ির মালিক ইমন সরদার বলেন, তার ঘরের সামনে কীভাবে বিস্ফোরণ ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না। মাদ্রাসার মুহতামিম হাফিজুর রহমান জানান, সকালে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে মাদ্রাসার প্রায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
কালকিনি থানার ওসি মো. জহিরুল আলম বলেন, মাদ্রাসার কাছে বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার কারণ ও বিস্ফোরণের উৎস জানতে তদন্ত চলছে।



