বাংলাদেশ

ভোর থেকে বোমাতঙ্ক, উদ্ধারের পর সাউন্ড বক্সে বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ

বাংলা টিভি ডেস্ক: মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক তারের সঙ্গে বোমাসদৃশ বস্তু ঝুলতে দেখে সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানায়, এগুলো কোনো বোমা নয়, বরং সাউন্ড বক্স।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্ট মোড় এবং ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির তারে বক্সের মতো একটি বস্তু ঝুলতে দেখা যায়। সেটিকে বোমাসদৃশ মনে হওয়ায় দ্রুত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মেহেরপুর সদর থানা পুলিশ।

পরে স্থানীয়দের সহযোগিতায় বস্তুটি নামিয়ে পানি ভর্তি একটি বালতিতে রাখা হয়। কিছুক্ষণ পর এর সঙ্গে যুক্ত ব্যাটারির তার বিচ্ছিন্ন করা হয়। এরপর বক্সটি খুলে দেখা যায়, ভেতরে কোনো বিস্ফোরক নেই; সেটি একটি সাউন্ড বক্স।

এর কিছুক্ষণ পর শহরের কোর্ট মোড় ও ড. শহীদ শামসুজ্জোহা পার্কের সামনেও একই ধরনের আরও দুটি বক্স ঝোলানোর খবর পাওয়া যায়। পুলিশ গিয়ে সেগুলোও উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল সোয়া ৯টার দিকে পার্কের সামনে ঝোলানো বক্স থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচার করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ দ্রুত সেখানে গিয়ে বক্সটি নামিয়ে নেয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এসব বস্তু নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এগুলো বোমা নয়। তিনটি সাউন্ড বক্স উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এগুলো বিভিন্ন স্থানে ঝুলিয়ে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button