জানুয়ারির শুরুতেই ২০২৭ সালের এসএসসি পরীক্ষা, কমলো প্রস্তুতির সময়

বাংলা টিভি ডেস্ক: শিক্ষার্থীদের সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষাক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ীই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তা পেছানোর কোনো পরিকল্পনা নেই।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঠ্যসূচি শেষ করে নির্বাচনী বা টেস্ট পরীক্ষা নিতে হবে। তাই এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তনের সুযোগ নেই।
২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত এসএসসির টেস্ট বা নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর ফল প্রকাশ করতে হবে ১৮ নভেম্বরের মধ্যে। সে হিসাবে টেস্ট পরীক্ষার পর এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা প্রায় এক মাস ২৬ দিন সময় পাবে। অন্যান্য বছরে সাধারণত এই সময় আড়াই থেকে তিন মাস হয়ে থাকে।
ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রি-টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই পাঠ্যসূচি শেষ করে অক্টোবরের মাঝামাঝি টেস্ট পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে রাজধানী ও বিভিন্ন বিভাগীয়-জেলা শহরের কয়েকটি প্রতিষ্ঠান এমন পরিকল্পনা করেছে।
তবে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে পাঠ্যসূচি শেষ করতে অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে। ফলে এসব প্রতিষ্ঠানে অক্টোবরের শেষ দিকে কিংবা নভেম্বরের শুরুতে টেস্ট পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে অনেক শিক্ষার্থী এসএসসি পরীক্ষার আগে দুই মাসেরও কম সময় প্রস্তুতির সুযোগ পাবে।
প্রস্তুতির সময় কমে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। তাদের আশঙ্কা, টেস্ট পরীক্ষার পর পর্যাপ্ত সময় না পাওয়ায় শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে, যার প্রভাব চূড়ান্ত পরীক্ষার ফলেও পড়তে পারে।
তবে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মনে করেন, সময়মতো পাঠ্যসূচি শেষ করে টেস্ট পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় কোনো সমস্যা হবে না। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সিলেবাস শেষ করে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করার আহ্বান জানান।
রাজধানীর সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রেবেইরো সিএসই জানান, তাদের প্রতিষ্ঠানে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে টেস্ট পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। এতে শিক্ষার্থীরা মূল পরীক্ষার আগে প্রস্তুতির জন্য তুলনামূলক ভালো সময় পাবে বলে মনে করেন তিনি।
এসএসসি পরীক্ষার সময়সূচি দ্রুত স্বাভাবিক করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। তাঁর মতে, সামাজিক, রাজনৈতিক ও প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে প্রতিবছর শিক্ষার্থীদের শিক্ষাজীবনের উল্লেখযোগ্য সময় নষ্ট হচ্ছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি স্বাভাবিক না হলে সেশনজটের কারণে দীর্ঘ মেয়াদে শিক্ষার্থীদের জীবনের মূল্যবান সময় হারিয়ে যাচ্ছে।
শিক্ষাবর্ষের কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যে ফিরিয়ে আনতেই পরীক্ষার সময়সূচি ধীরে ধীরে স্বাভাবিক করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারির শুরুতেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



