হাতকড়াসহ পালাল যুবক, বাবা-মায়ের সহায়তায় ফের আটক

বাংলা টিভি ডেস্ক: মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশের হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া এক যুবককে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ফের আটক করা হয়েছে। পরে তার বাবা-মা ও স্থানীয়দের সহযোগিতায় তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন। আটক যুবকের নাম মাহিম। তিনি উপজেলার আন্ধারমানিক দড়িকান্দি এলাকার আলমাছের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে মাহিমকে আটক করে থানায় নেওয়ার জন্য আন্ধারমানিক বাজারে পৌঁছায় পুলিশ। এ সময় হাতকড়া পরা অবস্থায় পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি। এরপর তাকে ধরতে পুলিশ ও স্থানীয়রা বিভিন্ন এলাকায় খোঁজ শুরু করেন।
পরে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহযোগিতায় মাহিমকে আটক করা হয়। তাকে আটক করে পুলিশের কাছে তুলে দিতে তার বাবা-মাও সহযোগিতা করেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে মাহিমের সঙ্গে তার স্ত্রীর বিবাহবিচ্ছেদ হয়। সম্প্রতি ওই নারী অন্যত্র বিয়ে করেন। এরপর তার নতুন স্বামীর কাছে মাহিম কিছু ব্যক্তিগত ছবি পাঠিয়েছেন—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
ওসি মুহাম্মদ আফজাল হোসেন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য মাহিমকে থানায় নিয়ে আসতে পুলিশ পাঠানো হয়েছিল। পরে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে গেলেও প্রায় সাড়ে তিন ঘণ্টা পর তার বাবা-মা ও স্থানীয়দের সহায়তায় তাকে পুনরায় আটক করা সম্ভব হয়।
তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মাহিমকে আদালতে পাঠানো হবে।



