ঝাড়ু দেওয়ার সময় হাতের আঙুলে সাপের কামড়, গৃহবধূর মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: নাটোরের বাগাতিপাড়ায় ঝাড়ু দেওয়ার সময় বিষধর সাপের কামড়ে পান্না বেগম (৪৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার ভোরে উপজেলার বাগাতিপাড়া সদর ইউনিয়নের টেটনপাড়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোর ৫টার দিকে বাড়ির পাশের চায়ের দোকান খোলার উদ্দেশ্যে যান পান্না বেগম। দোকানের সামনে ঝাড়ু দেওয়ার সময় হঠাৎ একটি বিষধর সাপ তার হাতের আঙুলে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।
পান্না বেগম টেটনপাড়া গ্রামের মো. আব্দুর রহমানের স্ত্রী এবং জিন্নাত আলীর মেয়ে।
বাগাতিপাড়া সদর ইউনিয়নের ইউপি সদস্য জনাব আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার দুপুরে জানাজা শেষে পান্না বেগমের দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।



