আগামী রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

বাংলা টিভি ডেস্ক: ২০২৭ সালের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী রমজান কবে শুরু হবে, তা নিয়ে এরই মধ্যে মুসলিমদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম জর্দান নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার অনুযায়ী ১৪৪৮ হিজরি সালের রমজান মাস আগামী বছরের ৮ ফেব্রুয়ারি, সোমবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিভিন্ন হিজরি ক্যালেন্ডারেও একই তারিখকে রমজানের সম্ভাব্য প্রথম দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।
ক্যালেন্ডার হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি, রোববার শাবান মাসের ২৯ তারিখ পড়বে। ওই দিন চাঁদ দেখা গেলে পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হতে পারে। তবে চাঁদ দেখা না গেলে রমজান এক দিন পিছিয়ে যেতে পারে।
সম্ভাব্য হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরির রমজান মাস ২৯ দিনে শেষ হতে পারে। সে ক্ষেত্রে ৮ মার্চ, সোমবার হতে পারে রমজানের শেষ দিন। আর পরদিন ৯ মার্চ, মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে ইসলামি মাসের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই এখনই এসব তারিখকে চূড়ান্ত বলা যাচ্ছে না। স্থানীয়ভাবে চাঁদ দেখা এবং সংশ্লিষ্ট ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার পরই রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ নিশ্চিত হবে।



