আন্তর্জাতিকইন্ডিয়া

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

রোববার রাতে ঢাকার বারিধারায় এক নৈশভোজে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে সরাসরি বৈঠক ও আলোচনার মাধ্যমেই বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব। তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে মতপার্থক্য ও বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও আলোচনার মাধ্যমে সেগুলো মোকাবিলা করা যায়।

ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের এবং অত্যন্ত ঘনিষ্ঠ। দুই দেশ শুধু একটি সীমান্তই ভাগ করে না, বরং তাদের মধ্যে রয়েছে অভিন্ন স্বপ্ন ও পারস্পরিক সহযোগিতার সুযোগ।

তিনি আরও বলেন, দুই দেশই সার্বভৌম রাষ্ট্র এবং মতবিরোধ থাকা স্বাভাবিক। গণতান্ত্রিক ব্যবস্থায় আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়েই সংকটের সমাধানের পথ বেরিয়ে আসে।

দীনেশ ত্রিবেদীর মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয়েই জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নেতা। তাদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হলে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন জটিলতা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক আলোচনার ফলে বাংলাদেশ-ভারত সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী ও সহযোগিতামূলক হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button