বাংলাদেশ

আল্লাহ যেন আমার অতীত ক্ষমা করে দেন: লুবাবা

বাংলা টিভি ডেস্ক: জীবনের আরও একটি বছর পূর্ণ হওয়ায় সবার কাছে দোয়া চেয়েছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি অতীতের ভুল-ত্রুটির জন্য ক্ষমা এবং ভবিষ্যৎ জীবন আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ হওয়ার প্রার্থনা করেন।

লুবাবা তার স্ট্যাটাসে লেখেন, জীবনের আরও একটি বছর পেরিয়ে যাওয়ায় তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞ। বয়স বাড়ার সঙ্গে যেন আল্লাহর প্রতি তার ভালোবাসা, নৈকট্য ও তাকওয়া আরও বৃদ্ধি পায়—এটাই তার অন্যতম প্রধান চাওয়া।

তিনি সবার কাছে দোয়া চেয়ে বলেন, আল্লাহ যেন তার অতীতের সব ভুল-ত্রুটি ক্ষমা করেন, ভবিষ্যৎ জীবনকে বরকতময় করেন এবং ঈমানের সঙ্গে জীবনযাপনের পাশাপাশি নেক আমল করার সুযোগ দেন।

জীবনের বাকি সময়টুকু আল্লাহর সন্তুষ্টির পথে কাটানোর তাওফিকও কামনা করেছেন এই শিশুশিল্পী। একই সঙ্গে নিজের পরিবার ও সমগ্র মুসলিম উম্মাহর জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণ প্রার্থনা করেন তিনি।

লুবাবা আরও বলেন, তার জন্য সবার দোয়া অত্যন্ত মূল্যবান। তাই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে নিজের জন্য দোয়া করার অনুরোধ জানান তিনি।

স্ট্যাটাসের সঙ্গে ‘রব্বি জিদনী ইলমা ওয়া বারিক লি ফি উমরি’ দোয়াটিও উল্লেখ করেন লুবাবা। এর অর্থ হিসেবে তিনি লেখেন—‘হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন এবং আমার জীবনে বরকত দান করুন।’

সংশ্লিষ্ট খবর

Back to top button