বাংলাদেশ

নিয়ন্ত্রণে আসছে অটোরিকশা, রেজিস্ট্রেশন পেতে মানতে হবে শর্ত

বাংলা টিভি ডেস্ক: ব্যাটারিচালিত অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তবে নিবন্ধন পেতে হলে এসব যানবাহনের ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করতে হবে। সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উপায়ে ব্যাটারি চার্জ করা হলে সংশ্লিষ্ট অটোরিকশা নিবন্ধন পাবে না বলেও জানান তিনি।

সোমবার সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

তিনি বলেন, ঢাকাকে মোট আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনের জন্য নির্দিষ্ট রঙের ই-রিকশা থাকবে এবং নির্ধারিত এলাকার বাইরে এসব যান চলাচল করতে পারবে না। কেউ জোনের সীমা অতিক্রম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিধিমালা চূড়ান্ত হওয়ার পর কার্যক্রম শুরু হবে।

প্রতিমন্ত্রী জানান, শুধু ঢাকা নয়, দেশের ১৩টি সিটি করপোরেশন, পৌরসভা ও উপজেলাসহ অন্যান্য এলাকাতেও এই ব্যবস্থা কার্যকর করা হবে।

এদিকে চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচটি স্তরের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনার কথাও জানিয়েছেন মীর শাহে আলম। সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের জন্য চলতি অর্থবছরের বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, পাঁচ স্তরের স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে।

সংশ্লিষ্ট খবর

Back to top button