বাংলাদেশ

২৭ বছর পর কারাগার থেকে মুক্তি, ভোলার সেই আলোচিত কালু ফিরছেন স্বজনদের কাছে

ভোলা প্রতিনিধি( ডিজিটাল): ২৭ বছর মানুষের জীবনের প্রায় তিন দশক! এই দীর্ঘ সময় কারাগারে কাটিয়ে অবশেষে মুক্ত জীবনে ফিরেছেন ভোলার আলোচিত দুলাল হত্যা মামলার আসামি কালু। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় মানুষকে কাছে পেয়ে আবেগাপ্লুত তাঁর পরিবার ও স্বজনরা।

ভোলার সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শান্তির হাট। প্রায় তিন দশক আগে এই এলাকায় ঘটে যাওয়া একটি হত্যাকাণ্ডের ঘটনায় কারাগারে যেতে হয়েছিল কালুকে।

সোমবার বেলা ১১টার দিকে দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ভোলা জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
কালুর মুক্তির খবরে স্বজনদের মধ্যে দেখা দেয় আনন্দ ও স্বস্তি। দীর্ঘ অপেক্ষার পর পরিবারের সদস্যদের কাছে ফিরে আবেগঘন এক মুহূর্তের সাক্ষী হন তিনি।

মামলার নথি ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২০০০ সালের দিকে শান্তির হাট বাজার এলাকায় ঘর উত্তোলনকে কেন্দ্র করে কালু ও দুলাল পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে গুলির ঘটনায় দুলাল নিহত হন।
ঘটনার পর কালু ও তাঁর সহযোগী শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।

এরপর কেটে যায় বছরের পর বছর। আইন ও কারাবিধি অনুযায়ী সাজা ভোগ, রেয়াতসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে অবশেষে মুক্তি পেলেন কালু।
প্রায় তিন দশক পর কারাগারের বাইরে এসে এখন পরিবারের সঙ্গে নতুন করে জীবন শুরু করার সুযোগ পেয়েছেন তিনি।

২৭ বছরের দীর্ঘ কারাবাস শেষে কালুর এই ফিরে আসা শুধু একটি পরিবারের অপেক্ষার অবসান নয়, এটি দীর্ঘ সময় পর নতুনভাবে জীবন শুরু করারও এক অধ্যায়। এখন পরিবারের সঙ্গে শান্তিপূর্ণভাবে নতুন পথচলাই তাঁর সামনে সবচেয়ে বড় বাস্তবতা।

সংশ্লিষ্ট খবর

Back to top button