‘আমি পেশাদার চোর নই’—চিরকুট লিখে গ্যাস সিলিন্ডার ফেরত

বাংলা টিভি ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চুরি করার পর অনুতপ্ত হয়ে গ্যাস সিলিন্ডার ফেরত দিয়েছেন এক ব্যক্তি। একই সঙ্গে একটি চিরকুটে নিজের ভুল স্বীকার করে ভবিষ্যতে আর চুরির মতো কাজে জড়াবেন না বলেও অঙ্গীকার করেছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চরফরাদী মাদরাসায় চুরি যাওয়া একটি গ্যাস সিলিন্ডার ও ওই চিরকুট পাওয়া যায়।
স্থানীয়রা জানান, কয়েক দিন আগে চরফরাদী মাদরাসা মোড়ের কামাল মিয়ার চায়ের দোকানে চুরি হয়। এ সময় একটি বড় গ্যাস সিলিন্ডারসহ কয়েকটি মালামাল নিয়ে যায় চোর। ঘটনাটি এলাকায় জানাজানি হলে চুরি নিয়ে আলোচনা শুরু হয় এবং সন্দেহের ভিত্তিতে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে নানা কথা ছড়াতে থাকে।
এর মধ্যেই মাদরাসা থেকে সিলিন্ডার ও একটি চিরকুট পাওয়ার খবর আসে। চিরকুটে ওই ব্যক্তি নিজেকে পেশাদার চোর নন দাবি করে চুরির জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, ভুল করে চুরিটি করেছেন এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে আর জড়াবেন না।
চিরকুটে আরও বলা হয়, চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেন বিশৃঙ্খলা বা নিরীহ কাউকে দোষারোপ করা না হয়, সে কারণেই মালামালটি ফেরত দেওয়া হয়েছে। প্রকৃত মালিকের কাছে সিলিন্ডারটি পৌঁছে দেওয়ার অনুরোধও করেন তিনি।
চিরকুটে সিলিন্ডারটির মালিক হিসেবে চা দোকানি কামালের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি চিরকুটটি পাওয়ার পর নষ্ট করে ফেলার অনুরোধ জানান ওই ব্যক্তি।
পরে মাদরাসার এক শিক্ষক বিষয়টি দোকানি কামাল মিয়াকে জানান। চুরি যাওয়া সিলিন্ডার ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, চুরি নিঃসন্দেহে অপরাধ। তবে চুরি করা জিনিস ফেরত দিয়ে নিজের ভুল স্বীকার ও ক্ষমা চাওয়ার ঘটনা এলাকায় বেশ কৌতূহলের সৃষ্টি করেছে। তাদের আশা, ওই ব্যক্তি ভবিষ্যতে অপরাধ থেকে দূরে থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।



