ইন্ডিয়াআন্তর্জাতিক

‘মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে দিল্লি’

আন্তর্জাতিক ডেস্ক: ভারত বাংলাদেশের সম্ভাব্যভাবে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের সঙ্গে গঠিত নতুন প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোয় যুক্ত হওয়ার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং এ ধরনের প্রতিরক্ষা উদ্যোগ ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ওপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, তা গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে।

শুক্রবার (২১ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে জয়সোয়াল এসব কথা বলেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই তাঁর বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

জয়সোয়াল বলেন, পশ্চিম এশিয়ায় চলমান ঘটনাগুলোর ওপর ভারত নিবিড় নজর রাখছে। বিশেষ করে সংশ্লিষ্ট প্রতিরক্ষা চুক্তির সম্ভাব্য প্রভাব ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করা হচ্ছে। একই সঙ্গে তিনি জানান, জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে ভারত প্রস্তুত।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এক সাক্ষাৎকারে ওই প্রতিরক্ষা সহযোগিতায় বাংলাদেশের আগ্রহের কথা জানিয়েছিলেন। তাঁর বক্তব্যের পরই প্রথমবারের মতো এ বিষয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া গেল।

এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়েও ব্রিফিংয়ে প্রশ্ন ওঠে। এ বিষয়ে জয়সোয়াল বলেন, সফর নিয়ে এখনো নতুন কোনো তথ্য নেই। সময়সূচি চূড়ান্ত হলে তা যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।

অন্যদিকে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তি নিয়েও ভারতের পক্ষ থেকে আলোচনা চলছে বলে জানানো হয়েছে। জয়সোয়াল জানান, চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে যৌথ নদী কমিশনের মাধ্যমে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে। ৩০ বছরের জন্য করা এই চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকায় এর ভবিষ্যৎ ও পুনর্বিবেচনার বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button