ধরা পড়ে চোর বললেন, ‘কোথাও মোবাইল দেখলে আমার মাথা ঠিক থাকে না’

বাংলা টিভি ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে চোখের সমস্যা ও ড্রপ কেনার কথা বলে ফার্মেসিতে ঢুকে মালিককে ধাক্কা দিয়ে মোবাইল ফোন নিয়ে পালানোর সময় শরিফ উদ্দিন (২০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয়রা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মালেক সুপার মার্কেটের একটি ফার্মেসিতে এ ঘটনা ঘটে। আটক শরিফ ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের বাসিন্দা।
ফার্মেসির মালিক সাহিরুল ইসলাম জানান, চোখের সমস্যা ও ড্রপ কেনার কথা বলে শরিফ ফার্মেসিতে প্রবেশ করেন। কিছুক্ষণ পর হঠাৎ তাকে ধাক্কা দিয়ে একটি মোবাইল ফোন নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন শরিফ। এ সময় স্থানীয়রা তাকে ধাওয়া করে আটক করেন।
স্থানীয়রা জানান, শরিফকে আটক করার পর তার পকেট থেকে আরও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে স্থানীয় মাতব্বররা তাকে শাস্তি হিসেবে ২০০ রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেন।
তবে শরিফ চার রাকাত নামাজ আদায় করে স্থানীয়দের কাছে ক্ষমা চান। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।
শরিফ উদ্দিন বলেন, ‘কোথাও মোবাইল দেখলে আমার মাথা ঠিক থাকে না। মোবাইল না নেওয়া পর্যন্ত চেষ্টা করতে থাকি।’
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, শরিফকে যেখানেই পাওয়া যায়, তাকে আটক করতে ছাতিয়াইন পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেওয়া হয়েছে।



