চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বাড়াতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি।
প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও অধিকার, সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান, অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নৈতিকতা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
তিনি সাংবাদিকদের নিজেদের পেশাগত অধিকার এবং সাংবাদিকতার সঙ্গে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেন।
কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।



