বাসা ভাড়ার পোস্টারে সৌন্দর্য হারাচ্ছে তিতুমীরের দেয়াল

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর সরকারি তিতুমীর কলেজের দেয়ালজুড়ে শোভা পাচ্ছে বাসা ভাড়া, রুম ভাড়া ও বানিজ্যিক কোচিং সেন্টারের বিজ্ঞাপন। কলেজের মূল ফটক থেকে শুরু করে বিভিন্ন দেয়ালে সাঁটানো এসব পোস্টারে নষ্ট হচ্ছে ক্যাম্পাসের সৌন্দর্য।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি তিতুমীর কলেজের মূল ফটকের দেয়ালসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ‘বাসা ভাড়া দেওয়া হবে’, ‘রুম ভাড়া হবে’, এছাড়াও কোচিং সেন্টারের বিজ্ঞাপনসহ নানা ধরনের পোস্টার সাঁটানো রয়েছে।
তিতুমীর কলেজের অবস্থান রাজধানীর গুরুত্বপূর্ণ মহাখালী এলাকায়। এছাড়া আশপাশের গুলশান ও বনানীতে বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মস্থল থাকায় কলেজের শিক্ষার্থী এবং চাকরিজীবী ব্যাচেলরদের একটি বড় অংশ মহাখালী এলাকায় বসবাস করেন। ফলে মহাখালীর প্রতিটা অলিগলিতে হাঁটলেই চোখে পড়ে এ ধরনের পোস্টার।
তবে একটি শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে এভাবে বাণিজ্যিক বিজ্ঞাপন সাঁটানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। কলেজের দেয়ালে থাকা একটি বাসা ভাড়ার নম্বরে যোগাযোগ করা হলে তিনি নিজেকে তিতুমীর কলেজের শিক্ষার্থী পরিচয় দিয়ে বলেন, কলেজের দেয়ালে পোস্টার লাগালে বাসাভাড়ার জন্য দ্রুত লোক পাওয়া যায়। এটা উচিৎ না স্বীকার করে , আর ১০ জনের দেখাদেখি সেখানে পোস্টার সাঁটানোর কথা বলেন তিনি।
এদিকে ক্লাস শেষে কলেজ ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন শিক্ষার্থী৷ তাদের কাছে এবিষয়ে জানতে চাইলে গণিত বিভাগের শিক্ষার্থী মোজাহিদুল ইসলাম বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যানার-পোস্টার মুক্ত ছিলো। কিন্তু ইদানিং আবার সেগুলো চোখে পড়ছে। এর ফলে দেয়ালের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং দেখতেও দৃষ্টিকটু লাগছে। সবার সচেতন হওয়া উচিৎ।
অন্যদিকে বোটানি বিভাগের শিক্ষার্থী সাথী আক্তার জানান, কলেজের দেয়াল আজ অগোছালো পোস্টারের ভাগাড়ে পরিণত হয়েছে, বিষয়টা খুবই দুঃখজনক। কলেজ কতৃপক্ষের উচিৎ বিষয়টা আমলে নিয়ে সমাধান করা।
এ বিষয়ে জানতে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রশাসনিক নানাকাজে ব্যাস্ত থাকায় এসব খেয়াল করা হয়না, সেইসাথে বিষয়টা গুরুত্ব সহকারে দেখার কথাও জানান তিনি।
একটি শিক্ষা প্রতিষ্ঠান শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়; এটি মানুষের চিন্তা, আচরণ ও মূল্যবোধ গড়ে তোলারও জায়গা। তাই পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করা শুধু সৌন্দর্যবর্ধনের বিষয় নয়, এটি শিক্ষারই একটি গুরুত্বপূর্ণ অংশ।



