শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীকে ১ টাকা জরিমানা, জমা দিতে যেতে হয় ব্যাংকে

বাংলা টিভি ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো এক টাকা জরিমানা রয়েছে, আর এই জরিমানা পরিশোধ করতে হয় ব্যাংকে গিয়ে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাবিলা হক সামাজিক যোগাযোগমাধ্যমে তার এক টাকা জরিমানা হওয়ার অভিজ্ঞতা তুলে ধরলে বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

জানা যায়, বই ফেরত দিতে আট-নয় দিন দেরি হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সায়েন্স লাইব্রেরি (বিজ্ঞান পাঠাগার) থেকে নাবিলা হককে এক টাকা জরিমানা করা হয়েছে। সেই টাকা জমা দিতে হবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকার জনতা ব্যাংকে।

প্রযুক্তিনির্ভর সেবার যুগে এসে এক টাকা জরিমানা দিতে ব্যাংকে যাওয়ার এমন নিয়ম অনেকের কাছে বিস্ময়কর মনে হতে পারে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও এর অধীন বিজ্ঞান পাঠাগারে বছরের পর বছর ধরে এ নিয়ম চলে আসছে। বিশ্ববিদ্যালয়ের অন্য অনেক সেবা অনলাইনে চালু হলেও গ্রন্থাগারের জরিমানা পরিশোধের পদ্ধতি বদলায়নি।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সায়েন্স লাইব্রেরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের অধীন পরিচালিত হয়। তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও বিভাগের গ্রন্থাগার চলে নিজস্ব নিয়মে।

এদিকে শিক্ষার্থীর দেওয়া পোস্টের সঙ্গে গ্রন্থাগারের জরিমানা আদায়ের একটি ফরমের ছবিও রয়েছে। সেখানে তার নাম, বিভাগ, হল ও গ্রন্থাগার কার্ডসংক্রান্ত তথ্যের পাশাপাশি জরিমানার পরিমাণ লেখা রয়েছে ‘এক টাকা’। ফরমটিতে গত ৩ নভেম্বর গ্রন্থাগারের একজন কর্মকর্তার স্বাক্ষর রয়েছে।

এক টাকার কাগুজে নোট এখন সাধারণ লেনদেনে খুব একটা দেখা যায় না। বাংলাদেশ ব্যাংক ২০২৫ সালের ২৯ মে নতুন নকশার যেসব নোট ছাপানোর ঘোষণা দেয়, সেই তালিকায় এক টাকার নোট ছিল না। তবে এক টাকার ধাতব মুদ্রা বা কয়েন এখনো প্রচলিত রয়েছে।

এ বিষয়ে নাবিলা বলেন, আমি পুজোর ছুটির আগে বিজ্ঞান গ্রন্থাগার থেকে বই নিয়েছিলাম। বই ফেরত দেওয়ার শেষ তারিখ ২২ তারিখ থাকলেও আমি ৩ তারিখে বই জমা দিতে গেলে ২২ তারিখ থেকে হিসাব করে আমাকে ১ টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, আমার হল কাছে, তাই আমার অতটা প্যারা হয়নি। কিন্তু জিনিসটা বেশ অদ্ভুত, কারণ আমি যদি অন্য কোনো হলে থাকতাম—যেহেতু আমি সাইন্স লাইব্রেরি থেকে বইটা এনেছি, সেখান থেকে তো জনতা ব্যাংকের শাখা বেশ দূরে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের পরিচালক অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল বলেন, আসলে আমারও জানা ছিল না এক টাকা হলেও ব্যাংকে দিতে হয়। এই জরিমানায় নিয়ম অনেক পুরোনো। আমি কাগজ ঘেঁটে দেখলাম ১৯৭৫ সাল বা স্বাধীনতার আগ থেকেই এই নিয়ম রয়েছে। আমাদের সামনে লাইব্রেরি কমিটির মিটিংও আছে, আমি কথা বলব কর্তৃপক্ষের সঙ্গে। এটা যেহেতু সামান্য অর্থ, আমরা হয়তো অনলাইনে নিয়ে নেওয়ার চেষ্টা করব।

তিনি উল্লেখ করেন, গ্রন্থাগারে বই নির্ধারিত সময়ের পর জমা দেওয়া কিংবা হারিয়ে ফেললে বিভিন্ন নিয়ম আছে। বইটা যদি খুব সাম্প্রতিক হয়, তাহলে বইয়ের দাম দিলেই হয়। কিন্তু বইটা যদি ১৯৬০ সালের হয়, ওখানে দাম লেখা আছে ৫০ পয়সা। তাহলে এইটার জন্য আমাদের ভিন্ন নিয়ম আছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button