রাজনীতি

দুঃসময়ের ছাত্রদল নেতা এখন ইজিবাইক চালক!

বাংলা টিভি ডেস্ক: স্কুলজীবন থেকেই রাজনীতির সঙ্গে পথচলা শুরু। ইউনিয়ন পর্যায় পেরিয়ে দায়িত্ব পেয়েছিলেন উপজেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে। বিএনপি ক্ষমতায় থাকাকালে নির্বাচনের মাধ্যমে হয়েছিলেন উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। রাজনৈতিক প্রতিকূলতা ও দুঃসময়েও দল ছাড়েননি। তবে সময়ের পরিবর্তনে বদলে গেছে জীবনের চিত্র। রাজনৈতিক অঙ্গনের একসময়ের পরিচিত মুখ এখন পরিবারের জীবিকা নির্বাহের জন্য চালাচ্ছেন ইজিবাইক।

বলছিলাম ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুলের কথা। উপজেলার ফুলবাড়ি গ্রামের মহর আলী মণ্ডলের ছেলে তিনি। একসময় রাজনীতির মাঠে সক্রিয় থাকলেও বর্তমানে স্ত্রী ও দুই সন্তানের ভরণপোষণ এবং পড়াশোনার খরচ জোগাতে যশোরের সড়কে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।

জানা যায়, ১৯৮৭ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ছাত্ররাজনীতিতে যুক্ত হন মুকুল। পরবর্তী সময়ে বারবাজার ইউনিয়ন ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৩ সালে ভোটের মাধ্যমে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। ওই কমিটির সভাপতি ছিলেন বর্তমান উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।

তবে এরপর আর দলীয় কোনো পদে দায়িত্ব পাননি মুকুল। অন্যদিকে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে সাতটি মামলা হয় বলে জানান তিনি। একপর্যায়ে তার বিরুদ্ধে হুলিয়াও জারি হয়। প্রতিকূল পরিস্থিতিতে ২০১৭ সালে কালীগঞ্জ ছেড়ে যশোরে চলে যান। এরপর থেকে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে শহরের পালবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছেন।

ব্যক্তিগত জীবনেও নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হয়েছেন মুকুল। মাত্র পাঁচ বছর বয়সে বাবাকে হারানোর পর ভাইদের কাছে বেড়ে ওঠেন তিনি। তার দুই ছেলের মধ্যে বড় ছেলে সাজিদ হাসান যশোর সরকারি এমএম কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছেন। ছোট ছেলে সোয়াদ হাসান পুলিশ লাইন স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

নিজের রাজনৈতিক জীবন ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে রেজওয়ান ইসলাম মুকুল বলেন, তিনি সবসময় সততার সঙ্গে রাজনীতি করেছেন। গত ১৭ বছরে রাজনৈতিক মামলা, হামলা ও নানা প্রতিকূলতার কারণে কঠিন সময় পার করতে হয়েছে। ২০২৬ সালের জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীর পক্ষেও কাজ করেছেন।

তিনি বলেন, ৫ আগস্টের পর চাইলেই অনেক টাকা উপার্জনের সুযোগ ছিল। কিন্তু কোনো অবৈধ পথে আয় করতে চাননি। পরিবারের দায়িত্ব এবং সন্তানদের পড়াশোনার খরচ চালাতে শেষ পর্যন্ত জীবিকার জন্য ভিন্ন পথ বেছে নিতে হয়েছে। গ্রামের বাড়ির দুই বিঘা জমি বন্ধক রেখে যশোরে একটি ইজিবাইক কিনেছেন। বর্তমানে সেটি চালিয়েই সংসারের যাবতীয় ব্যয় মেটাচ্ছেন।

নিজের শারীরিক অসুস্থতার কথাও তুলে ধরেন মুকুল। তিনি জানান, কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় কোমরের হাড়ে আঘাত পেয়েছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারেননি। প্রচণ্ড ব্যথা নিয়েই প্রতিদিন ইজিবাইক চালাতে হচ্ছে তাকে। রোদ-বৃষ্টি কিংবা শারীরিক ক্লান্তি কোনো কিছুই উপেক্ষা করার সুযোগ নেই। কারণ গাড়ি না চালালে পরিবারের সদস্যদের খাবারের ব্যবস্থা করাও কঠিন হয়ে পড়ে।

আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, নিজের জীবনের কষ্টের চেয়ে সন্তানদের ভবিষ্যৎ নিয়েই তার দুশ্চিন্তা বেশি। সন্তানদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেছেন তিনি।

কালীগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আসিফ আনোয়ার পরাগ বলেন, ২০০৩ সালে তিনি পৌর ছাত্রদলের সভাপতি ছিলেন। সেই সময় রেজওয়ান ইসলাম মুকুল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার ভাষ্য, মুকুল সততার সঙ্গে রাজনীতি করেছেন এবং স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার পরিচিতি রয়েছে। দলের বর্তমান সময়ে তার ভালো থাকার কথা ছিল বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মুকুলের বিষয়টি বিবেচনার প্রত্যাশা জানান।

মুকুলের নেতৃত্বাধীন উপজেলা ছাত্রদলের তৎকালীন সভাপতি ও বর্তমান উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, মুকুল যে যশোরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন, বিষয়টি প্রথম দিকে অনেকের জানা ছিল না। সম্প্রতি ধীরে ধীরে বিষয়টি সামনে আসছে। তার দুরবস্থার কথা জানার পর জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ তাকে দেখা করার কথা জানিয়েছেন।

এ বিষয়ে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, মুকুলের সঙ্গে তার প্রায়ই কথা হয়। তবে তিনি যে ইজিবাইক চালিয়ে সংসার চালাচ্ছেন, তা আগে জানা ছিল না। অতীতের আন্দোলন-সংগ্রামের সময় ছাত্রদল ও যুবদলের অনেক নেতাকর্মী গার্মেন্টসের শ্রমিক, রিকশাচালক কিংবা ইজিবাইকচালক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করেছেন।

তিনি আশা প্রকাশ করেন, দলের সুসময়ে ত্যাগী ও পরিশ্রমী নেতাকর্মীরা যথাযথ মূল্যায়ন পাবেন। পাশাপাশি নিজের অবস্থান থেকে রেজওয়ান ইসলাম মুকুলের পাশে থাকার চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button