জানালায় গ্রিল ছিল না, বগুড়ায় হাসপাতালের ছয়তলা থেকে পড়ে রোগীর মৃত্যু

বাংলা টিভি ডেস্ক: বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলার একটি জানালা দিয়ে নিচে পড়ে শিরিন বেগম নামে এক রোগীর মৃত্যু হয়েছে। জানালাটিতে কোনো গ্রিল না থাকায় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে শহরের ছিলিমপুর এলাকায় অবস্থিত হাসপাতালটিতে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিরিন বেগম বগুড়া শহরতলির ঝোপগাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথাব্যথা ও জ্বরে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের ষষ্ঠ তলার মেডিসিন বিভাগে ভর্তি হন শিরিন। সেখানে তার চিকিৎসা চলছিল। এ সময় তার স্বামীও হাসপাতালে অবস্থান করছিলেন।
শনিবার রাতে স্ত্রীকে হাসপাতালে রেখে এশার নামাজ আদায়ের জন্য কাছের একটি মসজিদে যান তার স্বামী। এ সময় হাসপাতালের খোলা জানালা দিয়ে নিচে পড়ে যান শিরিন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ছিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লাল মিয়া জানান, জানালায় গ্রিল না থাকায় অসাবধানতাবশত নিচে পড়ে ওই রোগীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে হাসপাতালের উপপরিচালক মো. মনজুর-এ-মুর্শেদ বলেন, ঘটনাটি বর্তমানে পুলিশ তদন্ত করছে। তদন্তের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আপাতত হাসপাতাল প্রশাসন এ বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না।



