বাংলাদেশ

সুযোগ পেলেও সাপ্লিমেন্টারি পরীক্ষা দিচ্ছে না প্রায় ৫৭ হাজার শিক্ষার্থী

বাংলা টিভি ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়েছে সরকার। তবে এই সুযোগ থাকা সত্ত্বেও ৫৬ হাজার ৯৯৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেননি।

শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, এবারের এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর মধ্যে ৩ লাখ ৬৫ হাজার ৯১১ জন সম্পূরক পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে সম্পূরক পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এক বা দুই বিষয়ে অকৃতকার্য নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন। পরীক্ষায় উত্তীর্ণ হলে তাদের উচ্চশিক্ষায় ভর্তির পথও তৈরি হবে।

শিক্ষার্থীদের ফরম পূরণের শেষ সময় ছিল ৯ নভেম্বর। অন্যদিকে পরীক্ষার ফি জমা দেওয়ার সুযোগ ছিল ১০ নভেম্বর পর্যন্ত। এরপর গতকাল শিক্ষা বোর্ডগুলো ফরম পূরণকারী শিক্ষার্থীদের চূড়ান্ত হিসাব সম্পন্ন করে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্পূরক পরীক্ষায় অংশ নিতে সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের অধীনে ফরম পূরণ করেছেন ৭১ হাজার ১৬৭ জন শিক্ষার্থী। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী বোর্ডে আবেদন করেছেন ৪৭ হাজার ৮৬৯ জন। অন্যদিকে সবচেয়ে কম আবেদন পড়েছে বরিশাল বোর্ডে, ১৪ হাজার ৪০৬ জন।

অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে যশোর বোর্ডে ৩৯ হাজার ২৩২ জন, দিনাজপুর বোর্ডে ৩৭ হাজার ৯১১ জন, চট্টগ্রাম বোর্ডে ৩১ হাজার ৫৪১ জন, কুমিল্লা বোর্ডে ২৭ হাজার ৬৫৩ জন, সিলেট বোর্ডে ২১ হাজার ৪২০ জন এবং ময়মনসিংহ বোর্ডে ২১ হাজার ৩১৮ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন।

এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ১৮ হাজার ৬৪০ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩৪ হাজার ৭৫৪ জন শিক্ষার্থী সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন।

ফলাফলে দেখা যায়, এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন শিক্ষার্থী। এসব শিক্ষার্থীর জন্যই এবার প্রথমবারের মতো সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করেছে সরকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button