রংপুরে চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ফেলে দিয়ে হত্যার অভিযোগ

বাংলা টিভি ডেস্ক: রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে বাসের কর্মীদের বিরুদ্ধে। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নিহত ব্যক্তিরা হলেন নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়াপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল ইসলাম (২৮) এবং একই এলাকার লোকমান বসুনিয়ার ছেলে শাকিব বসুনিয়া (২২)।
পুলিশ, নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা সেনানিবাস এলাকায় নির্মাণশ্রমিকের কাজ শেষে সায়মন এক্সক্লুসিভ পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন তারা। একই এলাকার মোট ছয়জন ওই বাসে যাত্রী হিসেবে ছিলেন। যাত্রাপথে বাসের কর্মীদের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়।
বাসটি তারাগঞ্জ এলাকায় পৌঁছালে আতিক নামে একজনকে বাসের ভেতরে আটকে রেখে অন্যদের নামিয়ে দেওয়া হয়। পরে আতিককে উদ্ধার করতে মুকুল ও শাকিব আবার বাসে ওঠেন। এ সময় বাসের কর্মীদের সঙ্গে তাদের নতুন করে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। অভিযোগ রয়েছে, তখন বাসের কর্মীরা লাথি মেরে চলন্ত বাস থেকে মুকুল ও শাকিবকে নিচে ফেলে দেন।
এ সময় বাসের ভেতর থেকে আতিকের চিৎকার শুনে একটি মাইক্রোবাসের সহায়তায় চিকলী এলাকায় বাসটির গতিরোধ করা হয়। পরে পুলিশ বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল ৮টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল জিগাতলা এলাকায় পৌঁছায়। সেখানে মহাসড়কের পাশে দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
উদ্ধারকারী দলের সদস্য ও তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ জানান, ঘটনাস্থলে গিয়ে তারা দুজনকে সড়কের পাশে পড়ে থাকতে দেখেন। সেখানে সড়ক দুর্ঘটনার কোনো দৃশ্যমান আলামত পাওয়া যায়নি। স্থানীয়দের কাছ থেকে তারা জানতে পারেন, ওই দুই ব্যক্তিকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় বাসের চালক ও সুপারভাইজারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।



