বাংলাদেশ

ফুটপাত দখল করে ব্যবসা না করার নির্দেশ ডিএসসিসি প্রশাসকের

বাংলা টিভি ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত সীমানা মেনে চলার নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। একই সঙ্গে ফুটপাত দখল করে হকার বা অন্য কাউকে বসানো থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করেছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় উচ্ছেদ অভিযান শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব নির্দেশনার কথা জানান ডিএসসিসি প্রশাসক। পরে সায়েন্সল্যাব থেকে শুরু হওয়া অভিযানটি ধানমন্ডি লেক এলাকায় গিয়ে শেষ হয়।

আবদুস সালাম বলেন, ধানমন্ডি মূলত আবাসিক এলাকা হলেও এখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানকে নিজ নিজ নির্ধারিত জায়গার মধ্যেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হবে। কোনো ব্যবসায়ী ফুটপাত দখল করে সেখানে হকার কিংবা অন্য কাউকে বসার সুযোগ দিতে পারবেন না।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন জরিপে রাজধানীর যেসব এলাকাকে ডেঙ্গুর উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, ধানমন্ডিও সেসব এলাকার মধ্যে রয়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম বা ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করছে সিটি করপোরেশন। পরিস্থিতি বিবেচনায় এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, কোনোভাবেই সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা উচিত নয়। ককটেল বিস্ফোরণ কিংবা যানবাহনে অগ্নিসংযোগের মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকেও সবাইকে দূরে থাকতে হবে। জনগণের আস্থা ও সমর্থন অর্জন করতে হলে আগামী পাঁচ বছর ধৈর্য ধরতে হবে এবং সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে।

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন জনকল্যাণ কিংবা নগরীর পরিচ্ছন্নতা নিয়ে কর্মসূচি আয়োজন করলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সম্মিলিত সহযোগিতার আহ্বান জানান তিনি।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের একাধিক ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button