ফুটবলখেলাধুলা

৩৩ বছরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লুকাকু

বাংলা টিভি ডেস্ক: চলতি বছর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন তিন মহারথী নেইমার জুনিয়র, লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। এবার এই তালিকায় নাম লেখালেন বেলজিয়ামের ফুটবলের সোনালী প্রজন্মের অন্যতম তারকা রোমেলো লুকাকু।

রোববার রাতে (১৫ নভেম্বর) ইতালিকে হারিয়ে বেলজিয়ামের উয়েফা নেশনস লিগের ফাইনাল ফোরে জায়গা নিশ্চিতের পর সোমবার (১৬ নভেম্বর) সকালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন লুকাকু। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আবেগঘন বার্তার মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

এর মধ্য দিয়ে বেলজিয়ান ফুটবলের ইতিহাসের আরও একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। কয়েক সপ্তাহ আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন অ্যাক্সেল উইটসেল।

দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে বেলজিয়াম জাতীয় দলের আক্রমণভাগের নেতৃত্ব দিয়েছেন লুকাকু। এই সময়ে তিনি হয়ে উঠেছেন দেশটির জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। তবে রোনালদো ও মেসির মতো লুকাকুর সামনেও গোলের সেঞ্চুরির সুযোগ থাকলেও আক্ষেপ নিয়েই বিদায় নিচ্ছেন তিনি।

বেলজিয়ামের হয়ে ১৩৫টি ম্যাচ খেলে চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের এই সাবেক স্ট্রাইকার গোল করেছেন ৯৫টি। শুধু তাই নয়, বিশ্বকাপে আটটি এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ছয়টি গোল করে এই দুই প্রতিযোগিতাতেও বেলজিয়ামের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড গড়েছেন তিনি।

অবসরের ঘোষণা দিয়ে ইনস্টাগ্রাম পোস্টে লুকাকু লেখেন, ‘এই ১৬ বছরে জাতীয় দলের জন্য আমি আমার সবটুকু দিয়েছি। জীবনের কল্পনাতীত সব আবেগের অভিজ্ঞতা হয়েছে আমার।’

লুকাকু আরও লিখেছেন, ‘অসাধারণ কিছু সতীর্থের সঙ্গে খেলার সৌভাগ্য হয়েছে আমার, যাদের প্রতি আমি সব সময় কৃতজ্ঞ থাকব। তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। পাশাপাশি সেই সব কোচকেও ধন্যবাদ, যারা আমাকে সেরাটা দিতে অনুপ্রাণিত করেছেন এবং দলের জন্য অবদান রাখার ক্ষেত্রে আমার ওপর আস্থা রেখেছেন। এটি ছিল অসাধারণ এক যাত্রা, যার প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি।’

‘বেলজিয়ান সমর্থকদের বলতে চাই, আমাদের দলকে এতটা সমর্থন দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। চারটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।সেই মুহূর্তগুলো কখনো ভুলব না। এই পর্যায়ে এসে থামার সিদ্ধান্ত নিয়ে আমি শান্তিতে আছি। যাত্রাটি ছিল অবিশ্বাস্য। প্রতিটি মুহূর্ত দারুণ উপভোগ করেছি। আমি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ,’–ইতি টানেন তিনি।

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন লুকাকু। বর্তমানে তুরস্কের ক্লাব ফেনেরবাচের হয়ে খেলছেন এই ৩৩ বছর বয়সী স্ট্রাইকার।

সংশ্লিষ্ট খবর

Back to top button