সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

বাংলা টিভি ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে আটক ওই সদস্যের নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে বাংলাদেশের ভূখণ্ডে এ ঘটনা ঘটে। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধীন বিছনাকান্দি বিওপির একটি টহল দল তাকে আটক করে।
বিজিবি সূত্র জানায়, আটকের পর ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপি ক্যাম্পে নিয়ে রাখা হয়েছে। তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্রটিও বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে তার পরিচয় ও সংশ্লিষ্ট তথ্য নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ। তিনি জানান, আটক বিএসএফ সদস্য বর্তমানে বিছনাকান্দি বিওপি ক্যাম্পে রয়েছেন। এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে আটক সদস্যকে ফেরত দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।



