বাংলাদেশ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ সাত জেলায় বিজিবির ১২০ প্লাটুন

বাংলা টিভি ডেস্ক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ সাতটি জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৬ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন গোপালগঞ্জে। পরিস্থিতির প্রয়োজনে অতিরিক্ত চার প্লাটুন বিজিবি সদস্যকেও প্রস্তুত রাখা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, মোতায়েন করা বিজিবি সদস্যদের মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় দুই প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে আট প্লাটুন এবং কক্সবাজারে সাত প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন বিজিবি সদস্যরা। বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছেন তাঁরা।

এদিকে ফরিদপুরের নাওডোবা-ভাঙ্গা-ভাটিয়াপাড়া মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা তৈরির ঘটনা ঘটেছে। এসব বাধা অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন বিজিবি সদস্যরা।

মাঠপর্যায়ের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং বিভিন্ন ইউনিটের কার্যক্রমের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে বিজিবি সদর দপ্তরে প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থা চালু রাখা হয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে সরাসরি পাওয়া ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায়ও সদস্যরা পেশাদারিত্ব ও শৃঙ্খলার সঙ্গে কাজ করছেন। সাধারণ মানুষের জানমালের সুরক্ষা, নির্বিঘ্নে চলাচল এবং স্বাভাবিক জনজীবন বজায় রাখতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button