রাজনীতি

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

বাংলা টিভি ডেস্ক: মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে জেলা শাখার নতুন সেক্রেটারি করা হয়েছে শহর জামায়াতের আমির এনামুল হককে।

সোমবার (১৩ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন। একই দিন প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী কোনো পুরুষ সদস্য যদি কোনো নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকেন, তবে তিনি জামায়াতের রুকন হিসেবে দায়িত্বশীল পদে থাকতে পারবেন না। সেই নীতির আলোকে সুজাউদ্দিন জোয়ার্দারকে জেলা সেক্রেটারির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সুজাউদ্দিন জোয়ার্দার বলেন, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে এবং এ নিয়ে তার কোনো অসন্তোষ বা ক্ষোভ নেই। তিনি জানান, জেলা সেক্রেটারি হওয়ার আগেই তিনি দৌলতপুর উপজেলার বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজে শিক্ষক হিসেবে যোগ দেন। সে সময় গঠনতন্ত্রের এ বিধান শিথিল থাকায় দায়িত্ব পালনে কোনো বাধা ছিল না। ভবিষ্যতে চাকরি ছেড়ে দিলে তাকে পুনরায় দায়িত্বে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নবনিযুক্ত জেলা সেক্রেটারি এনামুল হক বলেন, সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে এবং সংগঠনের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন।

জেলা আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের অংশ হিসেবে সারা দেশে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমন সাতজন দায়িত্বশীল নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে কুষ্টিয়া জেলা শাখার নতুন সেক্রেটারি হিসেবে এনামুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button