ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম

বাংলা টিভি ডেস্ক: ফ্যাসিবাদবিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি জানিয়েছেন, দেশের স্বার্থ ও আধিপত্যবাদবিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, গঙ্গার পানির ন্যায্য হিস্যা, রাজনৈতিক ঐক্য, জুলাই সনদ বাস্তবায়ন এবং দেশের নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম।
তিনি বলেন, ভবিষ্যতে গঙ্গা চুক্তি নতুন করে করা হলে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে স্পষ্ট ও কঠোর বার্তা দিতে হবে। পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দিতে হবে। ভারতের আধিপত্যবাদ মোকাবিলায় দেশের সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা নিয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তাঁরা।
নাহিদ ইসলাম আরও জানান, বৈঠকে সরকারকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা এবং জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সংবিধান সংশোধনবিষয়ক কমিটির সমালোচনা করে তিনি বলেন, একদলীয় এই কমিটি জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। এ কারণে কমিটি বাতিলের সুপারিশ করেছে এনসিপি।
ভারতের ভূমিকা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ের একটি পর্যায় ৫ আগস্টে শেষ হয়েছে। বর্তমানে বাংলাদেশের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, তা ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা করা। তাঁর অভিযোগ, ভারত বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও দাবি করেন, সম্প্রতি সীমান্তের কাছাকাছি একটি হিন্দুত্ববাদী সংগঠনের বাংলাদেশবিরোধী সমাবেশে পলাতক আওয়ামী লীগের কয়েকজন নেতাও যুক্ত হয়েছেন। সংখ্যালঘু নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি আওয়ামী লীগ সরকারের সময়কার ঘটনাগুলোর কথাও উল্লেখ করেন।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি। এ ক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের সব পক্ষকে নিয়ে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
সরকারের পক্ষ থেকে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেবল আলোচনার জন্য আলোচনা করলে হবে না, উদ্যোগগুলো বাস্তবায়নযোগ্য ও ফলপ্রসূ হতে হবে। শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে নয়, জুলাইয়ের সব শক্তিকে সঙ্গে নিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।



